মিতালী বিশ্বাস
রাজা তোমার কথায়
করোনা তাড়াতে
যে থালা বাজিয়েছি
সেই থালা আজ ভাত চায়
ভাইরাস পোড়াতে যে মোমবাতি জ্বালিয়েছি
সেই আগুন আজ পেটের ভিতর জ্বলে।
কাজ নেই, মজুরি নেই, রেশন নেই
খাবো কি, মোমবাতি আর থালা?
হে মহামান্য রাজা!
আমরা সেই প্রান্তজন,
পাথরচাপা কপালের দল
দেশের উন্নতি হয় আমাদেরই পরিশ্রমে
আর আমরাই হাঁটি ভুখাপেটে
আমাদের সন্তানেরা-
খিদেয় খায় ঘাস
আমাদের মৃত শরীর ছোঁয়াও পাপ
তাই অ্যাম্বুলেন্সের অভাবে চড়া রোদে
মৃত সন্তান কোলে হেঁটে যায় মা
যক্ষায় মৃত পিতার লাশ কাঁধে ছোটে
তাঁর চার কিশোরী মেয়ে
তুমি রাজা ঠান্ডা ঘরে শুধু বলো
লকডাউন লকডাউন লকডাউন
আমাদের জীবনটাই যে লকড
তার হিসেব রাখো কি?