বড় অসময়ে চলে গেল বাপী

বড় অসময়ে চলে গেল আমাদের সকলের কাছের বাপী। সিপিআই(এমএল)-এর রাজ্য অফিস ক্রীক রো-র পাশেই পঞ্চুদার চায়ের দোকান। সেই পঞ্চুদার বড় ছেলে বাপী গত ২০ মে চিরঘুমের দেশে চলে গেল। প্রায় ৩০-৩৫ বছর যাবত ছোট্ট বাপীর হাতে পরিষেবা পেয়েছেন আমাদের কত কমরেড। সবাইকে নাম ধরে ধরে চিনতো, জানতো; প্রত্যেকের চাওয়া-পাওয়া মেটাতো। ওরা অনেকগুলো ভাই-বোন, সবার ওই একটা চায়ের দোকানের ওপর ভরসা করে দিন কাটানো সম্ভব হচ্ছিল না। তাই বাপী বেশ কিছুদিন যাবত কাজ নিয়েছিল দীঘার একটা হোটেলে। তারপর হঠাৎ তাকে ধরল পেটের এক কঠিন অসুখ। কলকাতায় এনে চিকিৎসা হল। কিন্তু সংক্রমণে বাপীকে আর বাঁচানো গেল না। এই অকাল প্রয়াণ আমাদের এবং আরও যারা বাপীকে চিনতেন সকলেই গভীর শোকে আচ্ছন্ন। বাপীর পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।

Published on 27 May, 2019