শোকবার্তা

ডা: বিনায়ক সেনের মা, আমাদের মাসিমা শ্রদ্ধেয়া অনুসূয়া সেন গত ৩০ ডিসেম্বর, ২০১৯ রাতে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। মাসিমা অনুসূয়া সেন বাংলার বহু মানুষের কাছে অতি পরিচিত মুখ ছিলেন। ডা: বিনায়ক সেনের উপর রাষ্ট্রীয় দমন-পীড়ন নেমে আসে এবং তাঁকে জেলে বন্দি করা হয়। সেই সময় সিপিআই(এমএল) লিবারেশন, ফোরাম ফর পিপলস হেলথ, কলকাতা নাগরিক সমন্বয় সহ বিভিন্ন সংগঠন এই রাষ্ট্রীয় নিপীড়ন ও ডা: বিনায়ক সেনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাস্তায় নেমে লাগাতার আন্দোলন সংগঠিত করে। সেই সমস্ত আন্দোলনে শ্রদ্ধেয়া অনুসূয়া সেন ৮৫ বছর বয়সেও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে তাঁর গান ও বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম সারিতে উপস্থিত থাকেন। আমরা একজন লড়াকু সাথীকে হারালাম। শ্রদ্ধেয়া অনুসূয়া সেনকে শ্রদ্ধা জানাই। সাথে সাথে তাঁর শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

Published on 04 January, 2020