কাওয়াখালি-পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটির মিছিলে পুলিশী নিপীড়নকে ধিক্কার

Kawakhali-Porajhar Bhumi Raksha Committee

শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি-পোড়াঝাড় এবং তিস্তা-মহানন্দা সেচ এলাকার ভূমিহারা কৃষকেরা দীর্ঘদিন লড়ছেন উচ্ছেদের বিরুদ্ধে, জমি ফিরিয়ে দেওয়ার ও ন্যায্য পুনর্বাসনের দাবিতে। এই দুই এলাকায় গড়ে ওঠা দুটি ভূমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে গত ১৭ আগস্ট শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে শান্তিপূর্ণ আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। পুলিশ ও প্রশাসনিক দপ্তরগুলিকে অনেক আগেই চিঠি দিয়ে জানানো ছিল। এতৎসত্ত্বেও, শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্যান্টিনের সামনে থেকে মিছিল সংঘটিত করার জমায়েত থেকে মিছিল শুরুর আগেই হুমকি ও বলপ্রয়োগ করে পুলিশ ভূমি রক্ষা কমিটির বিভিন্ন নেতা সহ শতাধিক কৃষককে গ্রেপ্তার করে। সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বিবৃতি দিয়ে টিএমসি সরকারের পুলিশ বাহিনীর এই অযাচিত ও গণতন্ত্রবিরোধী আচরণের তীব্র নিন্দা জানান এবং গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। জমি হস্তান্তর সম্পর্কিত দুর্নীতি, তোলাবাজি, উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত স্তরের নাগরিকদের সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন অভিজিৎ মজুমদার।

Published on 21 August, 2022