পশ্চিমবঙ্গ মিড-ডে-মিল (রন্ধনকর্মী) ইউনিয়ন দক্ষিণ কলকাতার রামগড়ে সংগঠিত করল এক প্রতিবাদী সভা। রামগড় কমিউনিটি হলে আয়োজিত এই সভায় মিডডেমিল কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন তাদের ঘরের পরিজনেরা, যারা পরিবেশন করলেন সঙ্গীত-আবৃত্তি-নৃত্য। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অতনু চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, নিত্যানন্দ ঘোষ। শোভনা নাথ আবৃত্তি পরিবেশনার সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নীতীশ রায়ের পরিচালনায় পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে গণসংগীত পরিবেশন করা হয়। করোনা পরিস্থিতির মধ্যেও শারীরিক দূরত্ব মেনে সামাজিক দায়িত্ব পালনের কথা মাথায় রেখে সভায় সক্রিয় অংশগ্রহণের জন্য উদ্যোক্তারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।